সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, কেবল আইন প্রণয়নই নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের আস্থা ধরে রাখাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি অত্যন্ত কার্যকর সংসদ হিসেবে অভিহিত করে বলেন, এই সংসদের সদস্যরা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং প্রশিক্ষিত। সমাজের বিভিন্ন পেশার স্বনামধন্য ও যোগ্য ব্যক্তিরা জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে এবারের সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও অবকাঠামোগত অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বিশাল আকারে বেড়েছে, তেমনি এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি ও প্রশাসনিক জটিলতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই জটিলতা কাটিয়ে উঠতে এবং সরকারি অর্থের অপচয় রোধ করতে হলে পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একজন সচেতন জনপ্রতিনিধি হিসেবে ক্রয় প্রক্রিয়ায় নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে রাষ্ট্রীয় কোষাগারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়বদ্ধতা।
উন্নয়ন তৎপরতার গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পাশাপাশি কাজের মানোন্নয়নে কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। এজন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি। স্পিকার মনে করেন, সংসদীয় স্থায়ী কমিটির তদারকি এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি সুস্পষ্ট সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। ইউএনডিপির এই ওরিয়েন্টেশন কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান আইনপ্রণেতাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। সভায় ডেপুটি স্পিকার দীর্ঘ ১১ বছর পর জনগণের ভোটে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন এবং বিরোধীদলীয় নেতা টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্যদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। কর্মশালায় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্যবৃন্দ এবং ইউএনডিপি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।