ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের যে খবর বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানা গেছে। সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, সেখানে কোনো ধরনের ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
ঘটনাটি প্রচার হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনের সামনের সড়ক ও আশপাশের এলাকা ভালোভাবে ঘুরে দেখেন। তবে কোথাও কোনো বিস্ফোরণের আলামত বা অপ্রীতিকর পরিস্থিতির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম রবি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক ছড়াতে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোনো স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের আগে যেন অবশ্যই সঠিক তথ্য যাচাই-বাছাই করা হয়।
এদিকে, সংবাদের সত্যতা না পাওয়ায় এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় দেশ টিভি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উক্ত সংবাদসংক্রান্ত ফটোকার্ডটি সরিয়ে নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ জানান, ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গুজব ছড়ানোর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।