রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং বিভিন্ন উপকরণ কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা রাজশাহী টিটিসির অধ্যক্ষের কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এই অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি কেনাকাটা ও ভাতা প্রদান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।
অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়েছে। মূলত এক প্রশিক্ষণার্থীর সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং প্রতিষ্ঠানটির কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান না করার অভিযোগ প্রসঙ্গে দুদকের এই কর্মকর্তা বলেন, সরকারি অর্থ বরাদ্দ পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাতা প্রদান করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকটি প্রশিক্ষণ কোর্সের ক্ষেত্রে সময়মতো বরাদ্দ না পাওয়া কিংবা বরাদ্দকৃত অর্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (ল্যাপস) তাৎক্ষণিকভাবে ভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে এসব বকেয়া ভাতা পরিশোধ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগে কত টাকার অনিয়মের কথা উল্লেখ ছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, অভিযোগপত্রে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। প্রশিক্ষণার্থীদের ভাতা আটকে রাখা এবং প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ ক্রয়ে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, মূলত সেটিই খতিয়ে দেখতে তাঁরা অভিযানে এসেছেন।
তিনি আরও জানান, রাজশাহী টিটিসিতে ওয়েল্ডিং ও কম্পিউটার অপারেশনসহ প্রায় ২১টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। প্রতিটি ট্রেডের প্রশিক্ষণ উপকরণ কেনাকাটার জন্য সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকে। এসব কেনাকাটার স্বচ্ছতা ও প্রক্রিয়া যাচাই করা হয়েছে এবং এ সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তীতে কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, তাঁদের প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২১টি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। গত কয়েক মাসে কয়েকটি ট্রেডের জন্য প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে সংশ্লিষ্ট কোর্সের প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া মাত্রই পর্যায়ক্রমে সব প্রশিক্ষণার্থীর ভাতা পরিশোধ করা হবে বলে তিনি দাবি করেন। এদিকে, কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে দুদকের সংগ্রহ করা নথিপত্র যাচাই-বাছাই শেষে কী তথ্য বেরিয়ে আসে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।