রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট রেলগেট ও মতিহার এলাকায় পৃথকভাবে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রেলগেট এলাকার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। কর্মসূচিতে নেতাকর্মীরা যেকোনো মূল্যে নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপশক্তির সব ধরনের ষড়যন্ত্র ও অরাজকতা প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রেলগেট এলাকার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলি, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্যসচিব রজব আলী। এ ছাড়া মহানগর যুবদলের সদস্য তানভীর আহমেদ হিরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম হারু ও দিপু সরকার এবং সাবেক যুবনেতা মুকুল ও আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
অন্যদিকে, নগরীর মতিহার এলাকায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক। এ সময় মতিহার থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কর্মসূচিতে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ করেন।