উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মধ্য দিয়েই নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে পারে। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক মূল্যবোধ লালন করতে হবে। অপরাধ ও মাদক থেকে দূরে থাকার পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; প্রকৃত জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। এ জন্য শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী বলেন, শিক্ষার সার্বিক মানোন্নয়নে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত পাঠদান, আধুনিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এ জন্য নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনা পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের আবহে নবীন শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়।