নওগাঁয় চার ব্যবসায়ীর গুদাম থেকে ৫ হাজার বস্তা সার উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ হাজার বস্তা সার উদ্ধারের পর স্থানীয় কৃষকদের মাঝে সরকারি ন্যায্যমূল্যে বিক্রি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব সার কৃষকদের মাঝে বিতরণ ও বিক্রি কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক চারটি গুদাম থেকে বিপুল পরিমাণ এই সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি বাজারের তিনটি পয়েন্টে অবস্থিত চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামের গুদাম থেকে ২ হাজার ৫০০ বস্তা, মেসার্স সীমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্সের মালিক বুলবুল আহমেদের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা এবং মেসার্স আলামিন ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদের গুদাম থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় জব্দকৃত সারগুলো সরাসরি প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট সারগুলোও সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। সার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত এই সারগুলো বাজারে কৃত্রিম সংকট ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকেলেই সারগুলো জব্দ করা হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে ন্যায্যমূল্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত মজুতদারদের বিরুদ্ধে পরবর্তীতে কী ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।