গুরুদাসপুরে মহিলা দল নেত্রীর দুটি দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন দুটি দোকানঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। ভুক্তভোগী নেত্রীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়াঘাট এলাকায় নাসিমা হকের বসতবাড়ির ঠিক সামনেই পাশাপাশি অবস্থিত দুটি দোকানঘরে ভোরের দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
ঘটনার বর্ণনা দিয়ে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হক অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ভোর সাড়ে ৪টার দিকে তার দুটি দোকানঘরে আগুন ধরিয়ে দেয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্বৃত্তদের মূল লক্ষ্য আরও বড় ক্ষতি করা ছিল এবং তারা তার বসতবাড়িতেও হামলা চালাতে পারত; তবে স্থানীয়দের তৎপরতায় ও আল্লাহর রহমতে তার পরিবারের সদস্যরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানঘর দুটিতে জ্বালানি কাঠ বা খড়ি মজুত রাখা ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।