ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ ঘিরে বর্ণিল প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে পদ্মাপাড়ের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারপ্রধানকে একনজর সরাসরি দেখার জন্য সাধারণ নগরবাসী থেকে শুরু করে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম আবেগ ও অধীর অপেক্ষা বিরাজ করছে। এই ঐতিহাসিক সফর সফল ও স্মরণীয় করে তুলতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সমন্বিত প্রস্তুতি।
শনিবার ১৭ অক্টোবর দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনস্থল ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সমাবেশস্থলের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ ও শৃঙ্খলার নানা দিক সরেজমিনে ঘুরে দেখার পর তিনি শহরের প্রধান পূজামণ্ডপ রাজশাহী ধর্মসভাসহ অন্যান্য সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে বিভাগীয় শহরে এসে সরাসরি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ রাজশাহীর সনাতন সম্প্রদায়ের মাঝে এক অভূতপূর্ব আনন্দ ও আস্থার সঞ্চার করেছে। সর্বস্তরের জনগণের সম্মিলনে এই সফর হবে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের এক অনন্য স্মারক। প্রধানমন্ত্রীকে উষ্ণতম অভ্যর্থনায় বরণ করে নিতে নগরীর পরিচ্ছন্নতা, অবকাঠামোগত সংস্কার এবং সাজসজ্জার কাজ দিন-রাত সমানতালে এগিয়ে চলছে।
পরিদর্শনকালে রাসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমবেত হয়ে সমাবেশ সফল করার পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।