দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মেধাবী ও যোগ্য প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের আগামীর রূপকার—এই প্রত্যয়কে ধারণ করে রাজশাহীর দুর্গাপুরে ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ে অনন্য সাফল্যের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক আনন্দঘন ও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার ১৭ অক্টোবর দুপুর ২টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল নবীন মেধাবীদের ভূয়সী প্রশংসা করে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই সততা, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তবে তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে, কেবল ভালো ফলাফল বা সর্বোচ্চ জিপিএ অর্জনই জীবনের শেষ লক্ষ্য হতে পারে না। পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ, উন্নত নৈতিক চরিত্র ও নিখাদ দেশপ্রেমে বলীয়ান হতে হবে। আত্মকেন্দ্রিক সাফল্যকে ছাপিয়ে সাধারণ মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের উৎসর্গ করার মানসিকতা গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা সংবর্ধিত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই শিক্ষার্থীরা যেন অর্জিত জ্ঞান, সুস্থ বিবেক ও সুদৃঢ় মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশমাতৃকার সেবায় অনন্য অবদান রাখতে সক্ষম হয়। একই সঙ্গে সন্তানদের এই অভূতপূর্ব সাফল্যের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অক্লান্ত ত্যাগ ও দিকনির্দেশনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) কর্মকর্তা এম এ মতিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কাদীর, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল এবং গোলাম মোর্তুজা। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।