কারিগরি শিক্ষাই আগামীর ভবিষ্যৎ
উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর সকালে প্রতিষ্ঠানটির বিশাল খেলার মাঠ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল অভ্যর্থনা এবং অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। নতুন শিক্ষাবর্ষের এই নবীনবরণকে কেন্দ্র করে সমগ্র ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আধুনিক ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশ্বব্যবস্থায় টিকে থাকতে হলে বাস্তবমুখী কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশ গড়ার মূল কারিগর হিসেবে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাস্তব দক্ষতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের একনিষ্ঠ মনোযোগ দিয়ে পাঠগ্রহণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তি রূপান্তরে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘকাল ধরে গৌরবময় ভূমিকা পালন করে আসছে। বিশ্ববাজারের চাহিদা মাথায় রেখে তরুণ প্রজন্মকে যুগোপযোগী প্রযুক্তি শিক্ষায় পারদর্শী হয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার তাগিদ দেন তাঁরা। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান ইনস্টিটিউটের শিক্ষার গুণগত মান বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং নবীনদের নিয়মশৃঙ্খলা মেনে সফল ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন। আলোচনা পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের বরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছাবার্তা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।