নওহাটায় বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং কৃষি ও জীববৈচিত্র্যের স্বার্থে নদী দখল ও দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগ জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ শীর্ষক মেগা প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বারনই নদীর নাব্যতা সংকট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং শিল্প ও গৃহস্থালি বর্জ্যের দূষণ বন্ধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের খোঁজখবর নেন। তিনি বলেন, বারনই নদীর প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা গেলে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষিকাজে সেচ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং নির্ধারিত মেয়াদের মধ্যে মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর জোর দেন।