নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার
বাংলাদেশ ভ্রমণরত এক জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া মূল্যবান ল্যাপটপ অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। আজ মঙ্গলবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) হাতে উদ্ধারকৃত ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। নাটোর জেলা পুলিশের বিশেষ তৎপরতায় প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে এই ল্যাপটপটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থানকালে অসাবধানতাবশত ল্যাপটপটি হারিয়ে ফেলেন জার্মানির নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। বিষয়টি অবগত হওয়ার পরই নাটোর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন এবং সর্বোচ্চ পেশাদারত্ব ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সেটি উদ্ধার করেন। হারানো সম্পদ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন ওই বিদেশি পর্যটক।
ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে আইজিপির পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশি পর্যটকের হারানো মালামাল দ্রুততম সময়ে উদ্ধারে অনন্য ভূমিকা পালন করায় নাটোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, নাগরিকদের পাশাপাশি দেশে আগত বিদেশি অতিথিদের নিরাপত্তা বিধান ও সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা এবং জনসেবামূলক অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা।