‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’
যুক্তিবাদী তরুণ প্রজন্ম ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬’-এর বিভাগীয় উৎসব। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রাগ্রসর স্লোগানকে সামনে রেখে ১৭ অক্টোবর শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আসরের পর্দা নামে। দৈনিক সমকালের সুহৃদ সমাবেশের আয়োজনে এবং পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ক্রিডস ফাউন্ডেশন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে কৃতী বিতার্কিকদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম; রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোছাঃ তাছলিমা খাতুন। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিশ্রুতিশীল বিতার্কিক দলের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বর্তমান প্রজন্মের ডিজিটাল আসক্তির ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, মানবজীবনে ৫ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত সময়টি অত্যন্ত সংবেদনশীল ও ভবিষ্যৎ ভিত্তি রচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল। এই গঠনমূলক সময়ে কঠোর শৃঙ্খলা, গভীর অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা মেনে চললে পরবর্তী কর্মজীবন সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত হয়। প্রযুক্তির অনিয়ন্ত্রিত ও নেতিবাচক ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বলে তিনি তরুণদের সতর্ক করেন।
পুলিশ কমিশনার আরও বলেন, তরুণদের ডিজিটাল মাধ্যমের সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় আইন ও সামাজিক শিষ্টাচার মেনে চলতে হবে। ভার্চুয়াল জগতের মোহ কাটিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত পাঠাভ্যাস এবং কঠোর সময়ানুবর্তিতার চর্চা গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিভাগীয় এই উৎসবে যুক্তিতর্ক ও মেধার লড়াইয়ে বিজয়ী দলগুলোর নাম ঘোষণার মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে।