রাজশাহী রেঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৮৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
‘প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার, অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা জোরদার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার সার্বিক অপরাধ চিত্র প্রকাশ করা হয়েছে। এ সময় রেঞ্জভুক্ত বিভিন্ন জেলায় সমন্বিত ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত ১৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার সকালে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি সফল অভিযান চালানো হয়েছে।
পুলিশের প্রকাশিত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জভুক্ত থানাগুলোতে মোট ৫৪টি নিয়মিত মামলা রুজু হয়েছে। এর মধ্যে একটি হত্যা, একটি যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচটি এবং অন্যান্য বিভিন্ন অপরাধে ৪২টি মামলা রয়েছে। এ ছাড়া একই সময়ে ছয়টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃত ১৮৩ জনের মধ্যে আদালতের পরোয়ানামূলে ৯৭ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৫ জন, বিভিন্ন তদন্তাধীন মামলায় এজাহারভুক্ত ৫৯ জন এবং ফৌজদারি কার্যবিধির প্রতিরোধমূলক ধারায় ১২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবার ও সেবনের অভিযোগে ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের তালিকায় রয়েছে ২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২ দশমিক ২ লিটার বিদেশি মদ ও ২০ লিটার চোলাই মদ।
এদিকে শুধু অপরাধ দমনই নয়, সাধারণ নাগরিক সেবা নিশ্চিতেও তৎপর ছিল রেঞ্জ পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় উপস্থিত হয়ে সরাসরি পুলিশি সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৮৩ জন নাগরিক। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত রেঞ্জভুক্ত থানাগুলো থেকে সেবা গ্রহণকারী সাধারণ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১২২ জনে। জনস্বার্থে অপরাধ দমন ও সেবামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।