নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির বৈঠক
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি রাজশাহী বিভাগীয় জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে রাজশাহী নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং শাখার সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। মতবিনিময়কালে কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা, কল্যাণমূলক পদক্ষেপ এবং কর্মচারীদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবিসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জেলা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা (বাবু), সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম (জনি), সহ-সভাপতি সালাউদ্দিন হাওলাদার, রাশেদ আলী, বাবুর আক্তার, বাচ্চু শেখ, রবিউল ইসলাম ও শেখ খুরশিদ আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ গোলাম মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন (মানিক) সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি গত ৩০ জুলাই রাজশাহী বিভাগীয় জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের মেয়াদের জন্য অনুমোদন প্রদান করে।