বাঘায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বসতঘরের তীরের (আড়া) সঙ্গে ওড়না পেঁচিয়ে রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার ভোররাতে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডিপুর পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিতা খাতুন ওই গ্রামের রতন আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যরা রিতা খাতুনকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না মেলায় তারা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে নিচে নামানো হয়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনা হলে তিনি দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
স্বজনরা রিতাকে আশঙ্কাজনক অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় বাঘা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।