রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহী নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইজিবাইক চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলা এবং নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) ‘রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’-এর নতুন কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমিতির নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অনেকগুলো ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক ও সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে, যার সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, রাজশাহী নগরীতে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের ট্রাফিক আইন ও নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। যত্রতত্র পার্কিং বন্ধ করে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রশস্তকরণ এবং প্রয়োজনীয় স্থানে আধুনিক যাত্রী ছাউনি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছা. নাছিমা খাতুন।
আলোচনা সভায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ইমতিয়াজ আহমেদ মিছিল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মো. জামিল উদ্দিন এবং যুবনেতা বিপ্লব রহমান নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।