শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সীমান্ত পর্যটনকেন্দ্র ‘গজনী অবকাশে’ শিক্ষা সফরে এসে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের আট শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রের ভেতরের গভীর অরণ্য এলাকায় মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা ও প্রয়োজনীয় নথিপত্র ছিনিয়ে নেয় দুই সশস্ত্র দুর্বৃত্ত।
ভুক্তভোগী শিক্ষার্থী ও বিভাগীয় সূত্রে জানা গেছে, বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৮০ জনের একটি দল গতকাল সকালে গজনী অবকাশ পর্যটনকেন্দ্রে পৌঁছায়। সকালের খাবার শেষে ভুক্তভোগী আট শিক্ষার্থী দলবদ্ধ হয়ে পর্যটনকেন্দ্রের ভেতর পাহাড়ি ও প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখছিলেন। এ সময় হঠাৎ দুই উপজাতি যুবক দেশীয় অস্ত্র, ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করে।
ভুক্তভোগীরা জানান, দুর্বৃত্তরা তাঁদের জিম্মি করে অস্ত্রের মুখে মারধর করতে করতে বনের ভেতরের দিকে নিয়ে যায়। একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রত্যেকের কাছে থাকা মুঠোফোন, নগদ টাকা, মানিব্যাগ, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। ভুক্তভোগী শিক্ষার্থী রিমন রায়হান আতঙ্কের কথা জানিয়ে বলেন, হঠাৎ করেই দুজন আমাদের পথ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পরে পিস্তল দেখিয়ে বনের গহীনে নিয়ে যায়। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে আমাদের সব কেড়ে নেওয়ার পর সামনের দিকে দৌড়াতে বলে। পেছনে তাকালে গুলি করার হুমকি দেওয়ায় আমরা চরম আতঙ্কিত হয়ে পড়ি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাবির সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল আটটার দিকে আমরা পর্যটনকেন্দ্রে আসি। পরে আমাদের আট শিক্ষার্থী ঘুরতে গেলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সর্বস্ব লুট করা হয়েছে। তিনি আরও বলেন, এত বড় এবং জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্রে কোনো বিপজ্জনক স্থান চিহ্নিতকরণ বা সতর্কতামূলক নির্দেশনা ছিল না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘটনার পরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে পুলিশ সদস্যরা সেখানে আসেন।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। পর্যটনকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান।