উদ্বোধনহীন সরকারি ভবনে রমরমা ভাড়া বাণিজ্য
নওগাঁর পোরশা উপজেলায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের (আরটিসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু ও উদ্বোধন হওয়ার আগেই এর মূল মিলনায়তন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে অননুমোদিতভাবে ভাড়া দিয়ে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা, দাপ্তরিক অনুমতি এবং নির্ধারিত ট্রেজারি চালানের তোয়াক্কা না করে এক বছর ধরে চলা এ ভাড়া বাণিজ্যের কোনো অর্থই সরকারি কোষাগারে জমা হয়নি। সরকারি সম্পদকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করার এমন ঘটনায় স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোরশা উপজেলার সারাইগাছি-আড্ডা আঞ্চলিক মহাসড়কের সারাইগাছি মোড় থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে ২০১৮ সালে এই আধুনিক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০২৩ সালে প্রকল্পের মূল অবকাঠামোগত কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। তবে সীমানাপ্রাচীর অসম্পূর্ণ থাকা এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না মেলায় এখন পর্যন্ত কেন্দ্রটির দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। পুরো কমপ্লেক্সটি সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তার স্বার্থে সরকারি ব্যয়ে সাতজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে। কেন্দ্রটি প্রশাসনিকভাবে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মদ জান্নাতুল মাওয়াকে। তিনি চারঘাটে বসেই দূরবর্তী এ কেন্দ্রের দায়িত্ব তদারকি করছেন এবং স্থানীয়ভাবে তদারকির জন্য সারাইগাছি গ্রামের খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে মৌখিকভাবে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সরকারি বিধি মোতাবেক কোনো সরকারি স্থাপনার মিলনায়তন বা স্থান সাময়িক ব্যবহারের জন্য বরাদ্দ দিতে হলে যথাযথ কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমতি এবং সরকার নির্ধারিত নির্দিষ্ট হারে ফি নির্ধারণ বাধ্যতামূলক। একই সঙ্গে আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে বা নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবে জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। অথচ এসব নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই বিগত প্রায় এক বছর ধরে বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সভা, সেমিনার ও কর্মশালার জন্য মিলনায়তনটি অবাধে ভাড়া দেওয়া হচ্ছে। গত এক বছরে অন্তত অর্ধশত দিন এভাবে মিলনায়তনটি ব্যবহার করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠান বা দিনপ্রতি ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ টাকা। সে হিসেবে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হলেও তার এক পয়সাও রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েনি।
স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি খলিলুর রহমান মিলনায়তন ভাড়া দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করে জানান, চারঘাটের প্রশিক্ষণ কর্মকর্তা জান্নাতুল মাওয়ার সরাসরি মৌখিক নির্দেশেই তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বুকিং নেন এবং ভাড়া পরিচালনা করেন। অনুষ্ঠান আয়োজকদের কাছ থেকে আদায় করা সম্পূর্ণ নগদ টাকা মোবাইল আর্থিক সেবার (বিকাশ) মাধ্যমে সরাসরি কর্মকর্তা জান্নাতুল মাওয়ার ব্যক্তিগত নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। তবে ওই অর্থ পরবর্তীতে সরকারি হিসাবে জমা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মদ জান্নাতুল মাওয়া মিলনায়তন ভাড়া দেওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি দাবি করেন, ভবনটি আংশিকভাবে হস্তান্তর হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক পরমর্শ ও সম্মতিতে মিলনায়তনটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে উত্তোলিত অর্থ সরকারি রাজস্ব খাতে জমা হয়েছে কি না-এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলে পরে জানানোর আশ্বাস দিলেও পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদানে অস্বীকৃতি জানান।
বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে গভীর বিস্ময় প্রকাশ করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ আদনান। তিনি জানান, যে প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনই সম্পন্ন হয়নি, সেখানে কীভাবে এবং কার নির্দেশে বাণিজ্যিক ভাড়া কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বোধগম্য নয়। সরকারি সম্পদ ব্যবহারের নির্দিষ্ট আইনি কাঠামো ও রাজস্ব জমার কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এ ধরনের বাণিজ্যিক লেনদেন চালানো সম্পূর্ণ অনভিপ্রেত উল্লেখ করে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই একটি রাষ্ট্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ঘিরে এমন অর্থলিপ্সা ও রাজস্ব আত্মসাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।