মামলা জট নিরসনে হাইকোর্টের যুগান্তকারী পদক্ষেপ
দশকের পর দশক ধরে ঝুলে থাকা মামলার পাহাড় আর বিচারপ্রার্থীদের অন্তহীন অপেক্ষার সংস্কৃতির বিপরীতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশের উচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিশেষ উদ্যোগে মাত্র ১৩টি কার্যদিবসে ৬৭ হাজারেরও বেশি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে, যা দেশের সামগ্রিক বিচারব্যবস্থার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু হয়। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, বিচারিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং বছরের পর বছর ধরে জমে থাকা মামলা জট নিরসনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। গত ৭ মে থেকে শুরু করে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট বেঞ্চগুলো পুরোনো মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দিয়ে বিচারকাজ পরিচালনা করেন।
বিশেষ এই কার্যক্রমের অংশ হিসেবে মাত্র ১৩টি নির্ধারিত কার্যদিবসে মোট ৬০ হাজার ৪৪৮টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি হয়েছে বিপুল সংখ্যক পুরোনো রিট আবেদন। সব মিলিয়ে এই স্বল্প সময়ে মোট ৬৭ হাজার ৩৫৫টি পুরোনো মামলা নিষ্পত্তির মুখ দেখেছে। এর মধ্যে গত ২৩ জুলাই একক কার্যদিবসে সর্বোচ্চ ৭ হাজার ৮৫৩টি ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এক অনন্য রেকর্ড সৃষ্টি করে।
উচ্চ আদালতের এমন পদক্ষেপকে বিচার বিভাগের জন্য এক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মামলা জট নিরসনে এমন কার্যকর ও সময়োপযোগী উদ্যোগের জন্য প্রধান বিচারপতি, হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট প্রশাসন বিশেষ প্রশংসার দাবিদার। দীর্ঘদিনের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এই ধারা বিচারপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের এই প্রক্রিয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, দেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় ৪৫ লাখেরও বেশি বিচারাধীন মামলা রয়েছে, যার মধ্যে হাইকোর্ট বিভাগেই বিচারাধীন রয়েছে ৬ লাখের বেশি মামলা। বিপুল এই মামলা জটের প্রেক্ষাপটে হাইকোর্টের এই নিবিড় ও ধারাবাহিক নিষ্পত্তি প্রক্রিয়া বিচারপ্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও গতিশীল করতে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।