তারুণ্যের শক্তিতে দেশ বদলের আহ্বান
তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, জুলাই গণ-আন্দোলনের যোদ্ধা ও আহত তরুণরা এখন সমাজের মূলধারায় যুক্ত হতে আগ্রহী। সরকার তাদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আর্থিক সহায়তার সুযোগ সৃষ্টি করেছে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হলে জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রধান শর্ত। সরকারি টেকনিক্যাল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলো তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে ক্ষুদ্রঋণসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্যভিত্তিক আলোচনা ও সচেতনতামূলক প্রদর্শনী তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও উন্নয়নমুখী মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।