রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় মার্কিন দূতাবাস উল্লেখ করে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করছে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে গত বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।
পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।