রাজশাহী বিভাগের উন্নয়ন নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে বিরোধীদলীয় এমপিদের বৈঠক
রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয়, কৃষি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ছয়জন সংসদ সদস্য। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা বলেন, দেশের সব নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দে সমতা নিশ্চিত করা জরুরি। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত পরিকল্পনা নিশ্চিত করা গেলে জনগণ তার প্রকৃত সুফল পাবে এবং আঞ্চলিক বৈষম্য কমে আসবে।
মতবিনিময় সভায় বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের সেচ সংকটকে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে তুলে ধরা হয়। এ সংকট নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পদ্মা নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়। একই সঙ্গে কৃষকদের জন্য সার ও উন্নতমানের বীজ সহজলভ্য করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্যরা।
স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট দ্রুত দূর করার দাবি জানানো হয়। বক্তাদের মতে, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।
সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, চোরাচালান সংশ্লিষ্ট অপরাধ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও বাড়ানোর আহ্বানও জানানো হয়। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক সেবার মান উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির এবং সংসদ সদস্য মাওলানা ড. কেরামত আলী, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আবদুল বারী সরকারসহ রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ছয়জন সংসদ সদস্য। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যা, মতামত ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে সরকারি কার্যক্রমের গতি বৃদ্ধি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকর সমন্বয় এবং সংবিধান ও প্রচলিত আইনের আলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী বিভাগের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সরকারি সেবার মান বাড়াতে এ ধরনের সমন্বয়মূলক বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।