ডিআইজি, রাজশাহী রেঞ্জের সঙ্গে বিকাশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিজিটাল আর্থিক সেবাকে আরও নিরাপদ ও প্রতারণামুক্ত করতে বাংলাদেশ পুলিশ ও বিকাশের মধ্যে সমন্বয় এবং তথ্য বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বিকাশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাতে বিকাশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অব.) এবং বিকাশ লিমিটেডের উপদেষ্টা (এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স)। বৈঠকে বর্তমান সময়ে বিকাশ-সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং ডিজিটাল আর্থিক সেবার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে দ্রুত তথ্য আদান-প্রদান, আইন প্রয়োগকারী সংস্থা ও বিকাশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ একমত পোষণ করেন।
বিকাশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম মনিরুল করিম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বিভাগীয় প্রধান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড এবং জনাব মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।
এ সময় রাজশাহী রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ ও বিকাশের মধ্যে বিদ্যমান সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় হলে ডিজিটাল আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত প্রতারণা ও জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ ডিজিটাল লেনদেনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।