টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াতে কক্সবাজারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টেকসই, আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে দুই দিনব্যাপী “ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্ডএইড (Cordaid) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর যৌথ আয়োজনে কক্সবাজারের লং বিচ হোটেলের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই ২০২৬) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিনিধিদের হাতে সনদপত্র তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম অগ্রণী স্থানীয় সরকার প্রতিষ্ঠান। সমন্বিত, আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ বর্জ্য সংগ্রহ ব্যবস্থা, কার্যকর পরিবহন এবং সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তির মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে একটি পরিচ্ছন্ন নগরীর উদাহরণ তৈরি করেছে। এ অভিজ্ঞতা দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর জন্য অনুকরণীয় হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
কর্মশালায় পৌর এলাকায় উন্নত ও টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, কার্যকর সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের সর্বোচ্চ ব্যবহার, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও কক্সবাজার অফিসের হেড রুচিকা বাহেল এবং কর্ডএইডের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো. এহসানুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুগম হবে।