আরএমপি কমিশনারের সঙ্গে বিকাশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও নিরাপদ ও প্রতারণামুক্ত করতে বাংলাদেশ পুলিশ ও বিকাশ লিমিটেডের মধ্যে সমন্বয় এবং তথ্য আদান-প্রদান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে বিকাশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (গ্রেড-১) ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি, বর্তমানে বিকাশ লিমিটেডের উপদেষ্টা (এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স)। প্রতিনিধি দলে আরও ছিলেন মেজর এ কে এম মনিরুল করিম (অব.), এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বিভাগীয় প্রধান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড এবং মোঃ কামরুল ইসলাম, ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।
সৌজন্য সাক্ষাৎকালে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধ, ডিজিটাল আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণা দমন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে সংঘটিত অপরাধ দ্রুত শনাক্তকরণ, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, তথ্য আদান-প্রদানের গতি বৃদ্ধি এবং ভুয়া নিবন্ধিত (ফেক রেজিস্ট্রেশন) সিম ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রবণতা রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বসহকারে মতবিনিময় করেন।
আলোচনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপদ ডিজিটাল আর্থিক লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থা ও বিকাশের মধ্যে কার্যকর সমন্বয় আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আর্থিক প্রতারণা প্রতিরোধে দ্রুত তথ্য বিনিময়, অপরাধ বিশ্লেষণ এবং যৌথ উদ্যোগে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ ও বিকাশ লিমিটেডের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে কেন্দ্র করে সংঘটিত প্রতারণা, সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এ সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।