পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা ও বানেশ্বর আম বাজার ঘুরে দেখলেন ফ্রান্সের রাষ্ট্রদূত
রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও দেশের অন্যতম বৃহৎ আমের বাজার বানেশ্বর আম বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি সড়কপথে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পৌঁছান। দুপুর ২টা ৫ মিনিটে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত পুঠিয়া রাজবাড়ি, ঐতিহাসিক গোবিন্দ মন্দির ও রানিঘাট ঘুরে দেখেন। এ সময় তিনি পুঠিয়ার প্রাচীন স্থাপত্য, ঐতিহ্য ও নির্মাণশৈলী সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। ঐতিহাসিক স্থাপনাগুলোর নান্দনিকতা ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত হন।
পরে দুপুর ২টা ৪৮ মিনিটে রাষ্ট্রদূত বানেশ্বর আম বাজারে যান। সেখানে তিনি বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং রাজশাহীর বিভিন্ন জাতের আমের গুণগত মান, উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তিনি ব্যানানা ম্যাংগো, আশ্বিনা ও ফজলি আমসহ স্থানীয় বিভিন্ন জাতের আম সম্পর্কে আগ্রহ দেখান। বাংলাদেশের আমের বৈচিত্র্য ও আন্তর্জাতিক বাজারে এর সম্ভাবনা নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা রাজশাহী মহানগরের উদ্দেশে বানেশ্বর ত্যাগ করেন।
স্থানীয়দের মতে, ফ্রান্সের রাষ্ট্রদূতের এ সফরের মাধ্যমে পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা ও বানেশ্বরের ঐতিহ্যবাহী আম বাজার আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি লাভের সুযোগ তৈরি করবে। সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।