অসুস্থ আবু মুছার খোঁজ নিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আবু মুছা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২২ জুলাই, ২০২৬) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে আবু মুছার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।
মহাসচিব মোঃ আলমগীর গনি বলেন, মোঃ আবু মুছা জাতীয় সাংবাদিক সংস্থার একজন নিবেদিতপ্রাণ, দায়িত্বশীল ও কর্মঠ সংগঠক। সাংবাদিকতা ও সংগঠনের উন্নয়নে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসবেন—এটাই সবার প্রত্যাশা।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, দেশের সাংবাদিক সমাজ এবং সর্বস্তরের মানুষের কাছে মোঃ আবু মুছার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়া প্রার্থনা করেন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তিনি বলেন, “হে আল্লাহ, আপনি মোঃ আবু মুছাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, তাঁর সকল শারীরিক কষ্ট দূর করুন এবং তাঁকে শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসার তাওফিক দান করুন।”
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আবু মুছার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।