সামান্য বৃষ্টিতেই তানোর পৌর সদরের স্কুল সড়কে হাঁটু পানি
সামান্য বৃষ্টিতেই রাজশাহীর তানোর পৌর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে হাঁটুসমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। একই সঙ্গে দুর্ভোগে পড়েছেন হিন্দুপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় অল্প সময়ের বৃষ্টিতেই বিদ্যালয়ের সামনে এবং হিন্দুপাড়াগামী সড়কে হাঁটুসমান পানি জমে যায়। পানি জমে থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের চলাচল কার্যত ব্যাহত হয়। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বিদ্যালয়ে যেতে পারেনি।
শিক্ষার্থী সাইকা, হালিমা, সোহান ও হানজালাসহ কয়েকজন জানায়, বৃষ্টির পর রাস্তায় হাঁটু পানি জমে যাওয়ায় তারা বিদ্যালয়ে যেতে পারেনি। পানির কারণে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ের পশ্চিম পাশে নেপালের দোকান থেকে অনন্তর দোকান পর্যন্ত একটি ড্রেন থাকলেও সেটি দীর্ঘদিন ধরে আবর্জনায় ভরাট হয়ে রয়েছে। এছাড়া বিলাশের চায়ের স্টল থেকে হিন্দুপাড়ার ভেতর দিয়ে থাকা ড্রেনটিও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। শিশু শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।
স্থানীয় ব্যবসায়ী মান্নান, নেপাল ও বিলাস জানান, থানা মোড় থেকে উপজেলা পরিষদগামী প্রধান সড়কটি উঁচু হওয়ায় বৃষ্টির পানি নিচু এলাকায় অবস্থিত স্কুল ও হিন্দুপাড়ার সড়কে এসে জমা হয়। অন্যদিকে ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় পানি বের হওয়ার সুযোগ নেই। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। তারা অভিযোগ করেন, পৌর সদরের গুরুত্বপূর্ণ এই সড়কের এমন দুরবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত উদাসীন।
হিন্দুপাড়া গ্রামের সুজন, নয়ন, সাগর, বিপুল ও বিজয়সহ স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। ড্রেন পরিষ্কারের নামে তোলা পচা কাদা ও আবর্জনা দীর্ঘ সময় রাস্তার পাশে ফেলে রাখা হয়, যা পরে আবার সড়কেই ছড়িয়ে পড়ে। এতে পাকা সড়ক কাদাময় হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে তানোর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। অল্প কয়েকদিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ওই এলাকার জলাবদ্ধতা দূর করা হবে।"
স্থানীয়দের দাবি, পৌর সদরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন জলাবদ্ধতা শুধু শিক্ষার্থীদের দুর্ভোগই বাড়াচ্ছে না, বরং জনস্বাস্থ্য ও স্বাভাবিক চলাচলের জন্যও হুমকি হয়ে উঠেছে। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।