নগরীর পরিচ্ছন্নতায় হরিজনদের অবদান অনস্বীকার্য: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং নাগরিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ১১ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার দুপুরে তিনি ওই এলাকায় যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের বিদ্যমান বিভিন্ন নাগরিক সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক হরিজন পল্লীর অলিগলি ঘুরে দেখেন এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রার সার্বিক খোঁজখবর নেন। বাসিন্দাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে তিনি হরিজন পল্লীর দীর্ঘমেয়াদি উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, বিভাগীয় এই সুন্দর ও বাসযোগ্য নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হরিজন সম্প্রদায়ের অক্লান্ত পরিশ্রম ও অবদান অনস্বীকার্য।
মতবিনিময়কালে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং রাজশাহী নগরীর উন্নয়নের যে দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়েছে, তা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। নগরীর প্রতিটি স্তরের নাগরিকদের জীবনমান উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় হরিজন পল্লীর পরিবেশের আধুনিকায়ন, এলাকাটির জন্য উন্নত আবাসন প্রকল্প গ্রহণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার স্থায়ী সমাধান এবং সুন্দর প্রবেশদ্বার নির্মাণসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে হরিজন পল্লী এলাকার বর্তমান মণ্ডল ধীরাজ হেলা, সাবেক মণ্ডল শেখর হেলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি প্রশাসকের আন্তরিক আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।