রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে
রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি সরকারপ্রধানের নিকট অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে পুরো বরেন্দ্র অঞ্চলজুড়ে সাধারণ নগরবাসী ও রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফর উপলক্ষে সোমবার ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, সরকারপ্রধানের এই সফরকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চিত এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি রাজশাহীতে একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিল্প-কারখানা ও কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করা। প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে, যাতে এ অঞ্চলের কৃষি অর্থনীতির আধুনিকায়ন ও শিক্ষিত তরুণদের জন্য স্থায়ী কর্মসংস্থানের পথ উন্মুক্ত হয়।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, চলতি ২০২৬ সালের ২৯ জানুয়ারি এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষকদের কৃষি ঋণ মওকুফ এবং কৃষক কার্ড প্রদানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সিংহভাগই ইতোমধ্যে বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প অনুমোদনের মাধ্যমে রাজশাহীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে। সরকারপ্রধানের এই ঐতিহাসিক সফর রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা ও ভেন্যুর প্রস্তুতি ঘুরে দেখেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি জনসমাগম নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে পরিদর্শনকালে জানানো হয়।