চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সমন্বিত কিউআরটি টিমের বিশেষ মহড়া
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মহড়া পরিচালনা করেছে পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি)। জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রেলওয়ে পুলিশ এবং নৌ-পুলিশের সমন্বয়ে গঠিত এই বিশেষায়িত টিম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় সমন্বিতভাবে এ প্রস্তুতিমূলক মহড়া সম্পন্ন করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের চৌকস সদস্যরা এ মহড়ায় অংশ নেন। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক প্রস্তুতি, দ্রুত মুভমেন্ট ও সমন্বিত তৎপরতা জোরদার করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মহড়ায় সার্বিক নেতৃত্ব প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ জিয়াউর রহমান।
মহড়াকালে সমন্বিত কিউআরটি টিমের গাড়ি বহর ও বিশেষায়িত দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর মডেল থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, সার্বজনীন মন্দির চত্বর এবং জনবহুল গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে যেন স্বল্পতম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই সক্ষমতা যাচাই ও প্রস্তুত থাকার বিষয়টি এই মহড়ায় প্রদর্শন করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব ঘিরে জেলাজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালীন নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্দির ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কিউআরটি বিশেষ নজরদারি বজায় রাখবে। পাশাপাশি সাধারণ দর্শনার্থী ও ভক্তরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সতর্কাবস্থায় দায়িত্ব পালন করবে জেলা পুলিশের এই সমন্বিত টিম।