রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপন
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষাক্ষেত্রে অনন্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে যোগ্য, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন প্রজন্মের কোনো বিকল্প নেই। রাজশাহীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ সবসময় মেধা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, নিউ গভঃ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার। সভাপতির বক্তব্যে তিনি কৃতি শিক্ষার্থীদের নিরন্তর সাধনার প্রশংসা করেন এবং তাদের এই সাফল্য আগামী দিনে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।