আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মামুনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) মো. আল মামুনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিদায়ী কর্মকর্তা মো. আল মামুনের কর্মজীবনের সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পুলিশ বাহিনীতে বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। কর্মস্থল পরিবর্তিত হলেও একজন পুলিশ সদস্যের পেশাগত সততা, দায়িত্ববোধ এবং জনসেবার অঙ্গীকার অটুট থাকে। দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয়।”
তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএনের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।