সীমান্তবাসীর জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
একই সঙ্গে স্থানীয় কৃষকদের ২০০টি গবাদিপশুর জন্যও বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
মেডিকেল ক্যাম্পে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আট সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল স্বাস্থ্যসেবা প্রদান করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সীমান্তবাসীর সঙ্গে বিজিবির আস্থা ও পারস্পরিক বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সীমান্তবাসীর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।