তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম
রাজশাহীর তানোরে ফসলি জমি জবরদখল ও পিটিয়ে নারীসহ ৬ জনকে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে কলমা ইউনিয়নের বাউরি গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের বংশীধরপুর মৌজার ২৩৪ নম্বর দাগে ৭১ শতক ফসলি জমি রয়েছে। এসব মালিক কেফাতুল্লাহ মন্ডলের এক ছেলে ও ৪ মেয়ে। তার মধ্যে ছেলে মারা গেছে। এখন ৪ মেয়ে রয়েছে।
উত্তরাধিকার সূত্রে এসব জমির মালিক এখন তার ৪ মেয়ে। তাদের নামে জমির নামজারি ও হালনাগাদ খাজনা চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু বাউরি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান এসব জমি তার নিজের দাবি করে জবরদখলের চেষ্টা করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে কেফাতুল্লাহর ৪ মেয়ে সব জমি চাষাবাদ করতে যায়। এ সময় মিজানুর রহমান তার সহযোগী আয়ুব আলী ও আব্দুল আলিমসহ প্রায় ১০ থেকে ১২ জন বল্লম, রাম দা ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে তাদেরকে বেধড়ক মারপিট করে জমি থেকে বের করে দেয়। তাদের হামলায় নারীসহ ৬ জন আহত হন। এদের মধ্যে এছনেরা বিবি, সাইরা বিবি, তারা বিবি ও ওবিজান বিবি তানোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান মিজান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কেফাতুল্লাহ মন্ডলের কাছে থেকে জমি কিনে নিয়েছেন। আর মারপিটের অভিযোগ সঠিক নয়।
তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। এখানও অভিযোগ দেয়নি। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।