প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করতে নির্দেশ ভূমিমন্ত্রীর
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি-সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের হয়রানিমুক্ত ও অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
মঙ্গলবার (২১ জুলাই) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ভূমিমন্ত্রী এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ ভূমি মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক সেবা চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুযোগ সৃষ্টি, নামজারি (মিউটেশন) ও অন্যান্য ভূমি-সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি, ভূমি অফিসে প্রবাসীদের জন্য পৃথক কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সেবা বাস্তবায়নের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভূমি ব্যবস্থাপনা আরও সহজ ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সরকারি সেবায় তাদের অগ্রাধিকার নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের সফল বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রবাসী কার্ডধারীদের ভূমি-সংক্রান্ত সেবা সমন্বিত, দ্রুত এবং নির্বিঘ্ন করতে ভূমি মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের আবেদন, অভিযোগ ও সেবা কার্যক্রম একটি নির্দিষ্ট সমন্বয় ব্যবস্থার আওতায় এনে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে প্রবাসীদের জন্য ভূমি-সংক্রান্ত সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।