রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ
গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
রোববার (৩০ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীতে অবস্থিত একাধিক প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। রাজশাহী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্রের ২নং পাতার, ধারা-২, ৫ নং কলাম মোতাবেক কোন সাংবাদিক রাজশাহী মহানগরীতে অবস্থিত অন্য কোন প্রেসক্লাবের সদস্য হলে রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সদস্য হতে পারবেন না।
জানা গেছে, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এক পর্যায়ে রাজশাহী প্রেসক্লাবকে ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়। ওই সময় ক্লাবটির পূর্বের সভাপতি সাইদুর রহমানকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একটি পক্ষের বিরুদ্ধে। পরে রাজশাহীর মূলধারার সাংবাদিকরা উদ্যোগ নিয়ে ক্লাবটির কার্যক্রম পুনরুদ্ধার করেন এবং সাইদুর রহমানকে সভাপতি রেখে নতুন কমিটি গঠন করা হয়।
সেই সময় কৌশলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ কয়েকজন নিজেদের নাম রাজশাহী প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন বলে অভিযোগ উঠেছে। এরপর থেকে প্রায় এক বছর ধরে তারা প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছিলেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেন। গত ১০ মার্চ সদস্য ফরম বিতরণ শুরু হলে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন কয়েকজন সদস্য। তারা গঠনতন্ত্র অনুযায়ী একই সঙ্গে একাধিক প্রেসক্লাবের সদস্য থাকার বিষয়টি অবৈধ বলে অভিযোগ করেন।
এছাড়াও গত ৭ মার্চ একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজশাহী প্রেসক্লাবের নুরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ কয়েকজনের সঙ্গে সংঘর্ষ ও মামলা-মোকদ্দমার ঘটনাতেও জড়িয়ে পড়েন অভিযুক্ত দুই সদস্য।
এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজশাহী প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বলে জানা গেছে।