সড়কবাতি নয়, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি পরিদর্শনের আমন্ত্রণ পেয়েছেন রাসিক প্রশাসক
সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক” শিরোনামে প্রকাশিত সংবাদকে আংশিক ও বিভ্রান্তিকর তথ্যনির্ভর বলে জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রাসিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ
সাশ্রয়ী প্রযুক্তি ও আধুনিক আলোকায়ন ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা
অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেড রাজশাহী
সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট একজন
প্রকৌশলীকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছে।
রাসিকের পক্ষ থেকে
স্পষ্ট করা হয়েছে, সম্ভাব্য এ সফরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন কিংবা
বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। বিমান ভাড়া, আবাসন ও অন্যান্য
আনুষঙ্গিক ব্যয়সহ সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে আমন্ত্রণকারী
প্রতিষ্ঠান।
এছাড়া আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটির সঙ্গে রাজশাহী
সিটি কর্পোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী প্রকল্পের সম্পৃক্ততা নেই বলেও
জানানো হয়েছে।
রাসিকের দায়িত্বশীল সূত্র আরও জানিয়েছে, ফ্রান্স
সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কেবল প্রয়োজনীয়
সরকারি অনুমোদন গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠানো
হয়েছে। এখন পর্যন্ত সরকার কর্তৃক কোনো অনুমোদন কিংবা সরকারি আদেশ (জিও)
জারি হয়নি।
এ অবস্থায় রাসিক প্রশাসক নিশ্চিতভাবে ফ্রান্স সফরে
যাচ্ছেন বলে প্রচারিত সংবাদ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য
করেছে সিটি কর্পোরেশন।
রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে
মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক
যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত
না হতে। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য
যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, কোনো
বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি অনুমোদন পাওয়ার আগেই অনুমাননির্ভর সংবাদ
প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই তথ্যভিত্তিক ও দায়িত্বশীল
সংবাদ পরিবেশনের বিকল্প নেই।