নগর উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন
রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “রাজশাহীকে কোনোভাবেই মাদকের আখড়ায় পরিণত হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরবাসীকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”
বুধবার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নগর প্রশাসক জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরী পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা ছাগল বা খাসি কোরবানি করবেন তাদের একটি করে পলিথিন ব্যাগ ও আধা কেজি ব্লিচিং পাউডার দেওয়া হবে। আর গরু বা বড় পশু কোরবানি দাতাদের দেওয়া হবে দুটি পলিথিন ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার। তিনি বলেন, নির্ধারিত পলিথিনে কোরবানির বর্জ্য সংরক্ষণ করলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত তা অপসারণ করবে। ঈদের দিন রাত ১০টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থায় জমে থাকা আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে। প্রায় ১০ থেকে ১২ বছরের জমে থাকা ময়লা পরিষ্কার করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নগরীর বিভিন্ন সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নগরীর যেখানেই সমস্যা থাকবে, সাংবাদিকরা অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া সড়কের ডিভাইডারে লাগানো ফুলগাছ নগরীর সৌন্দর্য বাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বক্তব্য দেন মোমিন ওয়াহিদ হিরো। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই নগর প্রশাসকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তা সংস্কার, ড্রেনেজ উন্নয়ন ও নাগরিক সেবার উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি জলাবদ্ধতা নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গণমাধ্যম সবসময় জনগণের কথা তুলে ধরে। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।”
সভায় সভাপতির বক্তব্যে ইমদাদুল হক বলেন, বর্তমান নগর প্রশাসকের নেতৃত্বে রাজশাহীতে ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তনের সূচনা হয়েছে। পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নাগরিক সেবায় আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার মাধ্যমেই একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।