রাজশাহীতে সাংবাদিকদের নামে ফেসবুকে অপপ্রচার
রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মোঃ সুরুজ আলীসহ প্রেসক্লাবের একাধিক সম্মানিত সাংবাদিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর ছবি ও অপপ্রচারমূলক পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী প্রেসক্লাবে অবস্থানকালে মোঃ সুরুজ আলী তার মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পান যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভুয়া ফেসবুক আইডি খুলে তার নাম এবং রাজশাহী প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও সম্পাদিত ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, একাধিক ফেসবুক লিংকের মাধ্যমে পরিকল্পিতভাবে এ অপপ্রচার পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন উপায়ে সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাদের শনাক্ত করতে সক্ষম হননি।
মোঃ সুরুজ আলী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য ও ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।