জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদের উত্থান তৈরি হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটে কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশের স্বাধীনতা রুখে দেওয়ার চেষ্টা করেছিল। তারা কখনোই দেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবারও একটি ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে দায়িত্বে থাকা সরকার একটি নিরপেক্ষ সরকার এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আগ্রহী। ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে জোরজবরদস্তি বা রাতের ভোট হবে না, একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না।
তিনি আরও বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন। তাই হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। জনগণের আমানতের কোনো খেয়ানত করা হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।