প্রশাসনেই ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা: মিয়া গোলাম পরওয়ার
সরকারের অভ্যন্তরে থাকা একটি অংশ এবং প্রশাসনে এখনো ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিবাদী কাঠামোর দোসরদের একটি চক্রই আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াত সহায়তা করছে বলে সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এর পক্ষে কোনো প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপনের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শুক্রবার সকালে সাংগঠনিক সফরে ঝিনাইদহ এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বিস্ময় প্রকাশ করে বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক নজরদারি পুরোপুরি সক্রিয় থাকার পরও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দলের নেতাকর্মীরা একই সময়ে দেশের বিভিন্ন জেলায় কীভাবে প্রকাশ্যে মিছিল বের করার সুযোগ পায়, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা দরকার। প্রশাসনের ভেতরের সহযোগিতাই এর পেছনে কাজ করছে বলে তিনি ইঙ্গিত করেন। তিনি ক্ষোভ জানিয়ে আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের এসব কর্মকাণ্ডের ঘটনায় হওয়া মামলাগুলোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নেতাকর্মীদের আসামি করা ও গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে, যা চরম অন্যায়।
জ্বালানি খাতে লোকসান ও দফায় দফায় মূল্যবৃদ্ধির সরকারি যুক্তির কঠোর সমালোচনা করে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, রাষ্ট্র কোনো সাধারণ মুদিদোকান নয় যে কেবল লাভ-লোকসানের হিসাব কষবে। রাষ্ট্র হচ্ছে জনগণের সাংবিধানিক ও সেবামূলক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তি হলো জনগণের প্রদত্ত ট্যাক্স ও খাজনা। ভর্তুকি সমন্বয় করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, মাত্র ছয় মাসের ব্যবধানে তিন দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে মানুষের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই জনবান্ধব হতে পারে না। জ্বালানির দাম বাড়ার সরাসরি নেতিবাচক প্রভাব পরিবহন, কৃষি, সেচ, শিল্প উৎপাদন ও নিত্যপণ্যের বাজারে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা ও নয়াদিল্লির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের জনগণ দেশকে অনিরাপদ মনে করছে না; বরং শেখ হাসিনা ভিনদেশে বসে যে রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছেন এবং ভারত থেকে যে রাজনৈতিক সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি। দুই দেশের সম্পর্ক হতে হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ দেওয়ার মাধ্যমে দিল্লি বাংলাদেশের সঙ্গে সৎ প্রতিবেশীসুলভ আচরণ করছে না বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সকালে শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।