নজরুল বৈষম্য দূর ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির অবিনাশী কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, কবিতা ও সংগীত যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীনভাবে রুখে দাঁড়াতে এবং সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে আমাদের চিরন্তন প্রেরণা জোগায়।
শিক্ষার্থীদের মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, নিয়মিত পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল, উদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে। নজরুল উৎসবের মতো ব্যতিক্রমী ও সময়োপযোগী আয়োজন নতুন প্রজন্মকে কবির জীবনদর্শন, প্রতিবাদী চেতনা ও অনন্য সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত করবে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে দারুণ সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল এবং আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।