ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
দেশের বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে ইতালি থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এস.পি.এ (Leonardo S.p.A)–এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই লেটার অফ ইনটেন্ট স্বাক্ষরিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্র উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বাংলাদেশ ও ইতালির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে লিওনার্দো এস.পি.এ অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানানো হয়েছে।
লেটার অফ ইনটেন্ট হল প্রাথমিক আনুষ্ঠানিক সমঝোতা পত্র যেখানে বাংলাদেশ ও ইতালির লিওনার্দো এস.পি.এর মধ্যে ইউরো ফাইটার টাইফুন ক্রয় সংক্রান্ত চূড়ান্ত চুক্তি করার আগ্রহ ও পরিকল্পনা লিখিতভাবে প্রকাশ করা হয়েছে।
ইউরোফাইটার টাইফুন হল ডেল্টা উইং বিশিষ্ট একটি মাল্টিরোল (বহুমূখী) যুদ্ধবিমান। এটি তৈরি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত কনসোর্টিয়াম। এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং নির্ভুল স্থল আক্রমণে সক্ষম। জার্মানি, ইতালি, সৌদি আরবসহ ৬টি দেশ তাদের বিমান বাহিনীতে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করছে।