শ্রমিক আন্দোলনে পুলিশের ধৈর্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় না হলেও, দেশের অভ্যন্তরে তথা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের আঘাত অত্যন্ত গুরুতর; কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও শরীরের হাড় ভেঙে গেছে। অধিকাংশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার আওতায় রাখতে হবে। দায়িত্ব পালনে অসীম সাহসিকতা ও ধৈর্যের পরিচয় দেওয়া আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে ‘পুলিশ পদক’সহ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীতে যোগদানের শুরু থেকেই সদস্যরা যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকেন। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়ে আহত হয়েছেন। কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে তারা আন্দোলনরত মেহনতি শ্রমিক ভাই-বোনদের ওপর কোনো আঘাত করেননি। পুলিশের এই পেশাদারিত্ব ও সংযমী আচরণ দেশ ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রতি কোনো বিশেষ বার্তা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা বাহিনীগুলো সব সময়ই সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই তাদের মূল দায়িত্ব। যেকোনো মুহূর্তে অস্থিরতা তৈরি হতে পারে-এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা সার্বক্ষণিক তদারকি করছে।
দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া জ্বালাও-পোড়াওয়ের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক বা সাংগঠনিকভাবে কারও কারও নিজস্ব কর্মসূচি থাকতে পারে। তবে দেশের সাধারণ শ্রমিক সমাজ সরকারের ঘোষিত মজুরি বোর্ডের সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট এবং তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রেখেছেন।
তিনি অভিযোগ করেন, শ্রমিক পরিচয়ধারী একটি স্বার্থান্বেষী মহল শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে তারা কখনোই সফল হবে না। সীমান্তের ওপার থেকে ইন্ধন দিয়ে যারা জ্বালাও-পোড়াও করছে, তারা দেশের দু-একটি স্থানে ঝটিকা মিছিল করেছে বলে শোনা গেছে। তবে এসব ঘটনা অত্যন্ত বিচ্ছিন্ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সজাগ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।