প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের বড় চালিকাশক্তি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রাণিসম্পদ অন্যতম। এ অঞ্চলের উদ্যোক্তারা পশুপালন ও পোল্ট্রিসহ বিভিন্ন খামার গড়ে তুলে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ভূমিমন্ত্রী আরও উল্লেখ করেন, কৃষিনির্ভর এই অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া দেশের অন্যতম বৃহৎ পশুর হাট ‘রাজশাহী সিটি হাট’ থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাক গরু, মহিষ ও ছাগল দেশের অন্যান্য অঞ্চলে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনাময় এই শিল্প খাতকে আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করে গড়ে তুলতে হবে। এ জন্য খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপালন, রোগ প্রতিরোধ এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাসিক প্রশাসক সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর, খামারি ও উদ্যোক্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কে. এম. মোজাফফর হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নগরীর সিএন্ডবি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে র্যালিটি সার্কিট হাউজের সামনের সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখায় রাজশাহী জেলার সেরা দশজন খামারি ও উদ্যোক্তার হাতে মেডেল, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।