শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

favicon
আন্তর্জাতিক ডেস্ক:
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ
পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল।

অতীতের তিক্ততা পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। দুই দেশের সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার গভীর অনুভূতি রয়েছে এবং বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান সফর তাঁর জন্য একটি অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা সত্যিই প্রশংসনীয়। দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করতে উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করা জরুরি বলে তিনি মত দেন। এ লক্ষ্যে লাহোরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়িক চেম্বারগুলোর নিবিড় যোগাযোগ স্থাপন, নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের বিপুল সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হুসাম আসগর। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি বাংলাদেশের সাম্প্রতিক শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা থেকে পাকিস্তানও উপকৃত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সভায় এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

স্পিকারের নেতৃত্বাধীন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া মতবিনিময় সভায় লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা অংশ নেন।