শতবর্ষে পদার্পণ করল ঐতিহ্যবাহী রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ এক শতাব্দীর স্বাস্থ্যসেবার ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ শীর্ষক এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শতবর্ষ পূর্তির এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মানবসেবায় হাসপাতালটির দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘ এক শ বছর ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে শুধু বাংলাদেশ নয়, বরং সমগ্র উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি নাগরিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাজশাহীকে একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। হাসপাতালটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল শত বছর ধরে মানবসেবার এই মহান আদর্শকে ধারণ করে অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। হাসপাতালটির অবকাঠামোগত ও সেবার মানোন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।
শতবর্ষ পূর্তি উৎসবে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ রাজশাহীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।