প্রধানমন্ত্রীর সঙ্গে একা বৈঠকে এনসিপি, ১১ দলীয় জোটে টানাপোড়েন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে বৈঠকে অংশগ্রহণ করায় ১১ দলীয় জোটের অভ্যন্তরে মতবিরোধ ও টানাপোড়েন দেখা দিয়েছে। সংলাপের এই সুযোগকে জোটগতভাবে কাজে লাগানোর পক্ষে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জোটের শীর্ষ নেতাদের গভীর রাতের বৈঠকের পরদিনই এনসিপির এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না জামায়াত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ ও করণীয় ঠিক করতে গত রোববার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন ১১ দলীয় জোটের নেতারা। ওই বৈঠকে জোটবদ্ধভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হলেও পরদিনই এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপি। জামায়াতের শীর্ষ নেতাদের মতে, জাতীয় ঐক্য ও চলমান রাজনৈতিক সংকট নিরসনের প্রশ্নে কোনো দলের আলাদা আলোচনার চেয়ে জোটের সম্মিলিত সংলাপই বেশি কার্যকর ও ফলপ্রসূ হতে পারত।
এনসিপির এই একক বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে চাইলে সেখানে বাধা দেওয়ার কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেক দলেরই নিজস্ব কিছু স্বাধীনতা রয়েছে এবং সেই স্বাধীনতা থেকেই তারা বৈঠকে গিয়েছেন, যা সম্পূর্ণ তাদের দলীয় সিদ্ধান্ত। তবে জোটের মৌলিক সিদ্ধান্ত হলো, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে জোটের শরিকদের মধ্যে আলোচনা করে জোটবদ্ধভাবেই বৈঠকে অংশ নেওয়া হবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেদের একক বৈঠক নিয়ে জামায়াতের এমন প্রতিক্রিয়াকে অমূলক, অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে এনসিপি। দলটির নেতাদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক যোগাযোগ ও আলোচনাকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারওয়ার তুষার বলেন, একটি জোটে থাকলে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হতে পারে, যা মোটেও অস্বাভাবিক নয়। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশের কোনো যৌক্তিক কারণ নেই। এ ধরনের ক্ষোভ সম্পূর্ণ অমূলক এবং অনাকাঙ্ক্ষিত। বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক দলের নিজস্ব স্বাধীনতা থাকা উচিত, কারণ এটি তাদের একান্ত দলীয় বিষয়। এইটুকু রাজনৈতিক স্বাধীনতা না থাকলে দলের স্বতন্ত্র অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি একা বৈঠক করলেও জামায়াত এখনো জোটগতভাবেই সংলাপে বসার অবস্থানে অনড় রয়েছে। তবে জোটের অন্যতম প্রধান দুই শরিক দলের দৃষ্টিভঙ্গিগত এই পার্থক্যের কারণে ১১ দলীয় জোটের রাজনৈতিক সমন্বয় ও ঐক্য কতটা কার্যকর আছে, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।
সংলাপের ভবিষ্যৎ প্রক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, সংলাপ হতে পারে, তবে সরকারের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে তখন তারা বিষয়টি জানাবেন। কোন প্রক্রিয়ায় সংলাপ হবে, কী এজেন্ডা থাকবে এবং কারা অংশ নেবেন তা স্পষ্ট হলে দলীয়ভাবে এবং ১১ দলীয় জোটের ফোরামে আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন প্রসঙ্গে সারওয়ার তুষার আরও বলেন, জোট একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক যাত্রার বিষয়, যেখানে সব বিষয়ে সব দল একমত হবে এমনটা নয়। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা সাময়িক টানাপোড়েন তৈরি হলে জোটের গণতান্ত্রিক পরিবেশ ও ফোরামে আলোচনার মাধ্যমে তা সমাধান করে নেওয়া হবে। তিনি বিষয়টিকে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য জোটের শরিকদের প্রতি আহ্বান জানান।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রক্রিয়া নিয়ে জামায়াত ও এনসিপির মধ্যে এমন ভিন্নমত এবং পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিলেও, গণভোট আয়োজনসহ 'জুলাই সনদ' বাস্তবায়নের প্রশ্নে দল দুটি এখনো একই সুরে কথা বলছে এবং অভিন্ন অবস্থানে রয়েছে।